মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী সিটি কর্পোরেশন
(রাসিক)-এর নবনিযুক্ত প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১৬ মার্চ)
দুপুরে নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে
তিনি দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক ও ড. আ. ন. ম. বজলুর রশীদÑযিনি
রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) হিসেবেও দায়িত্ব
পালন করছেন, নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটনের কাছে
দায়িত্ব হস্তান্তর করেন।
উল্লেখ্য, সরকার গত ১৪ মার্চ জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে
রাজশাহী সিটি কর্পোরেশনসহ দেশের কয়েকটি সিটি
কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয়।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাসিকের
কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
জানান। একই সঙ্গে বিদায়ী প্রশাসককেও ফুলেল শুভেচ্ছায় বিদায়
জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশাসক
মাহফজুুর রহমান রিটন বলেন, তাঁকে এই দায়িত্ব দেওয়ায় তিনি
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। তিনি দায়িত্ব যথাযথভাবে
পালনের অঙ্গীকার করে বলেন, নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার
করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও
বৃদ্ধি করা হবে। পাশাপাশি চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করে
নগরবাসীর ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনকে একটি
কার্যকর ও জনবান্ধব সিটি কর্পোরেশনে পরিণত করতে চান। এ
লক্ষ্যে নগরবাসী এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-
কর্মচারীদের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল
করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন
কুমার সাহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন,
তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক
প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব
কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব
রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান এবং প্রধান স্বাস্থ্য
কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগমসহ সিটি
কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও
সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন দুপুর ১২টার দিকে নবনিযুক্ত প্রশাসক
মাহফুজুর রহমান রিটন নগরীর ঐতিহাসিক হযরত শাহ মখদুম
রূপোশ (রহ.) মাজার জিয়ারত করেন।
প্রসঙ্গত, মাহফুজুর রহমান রিটন বর্তমানে রাজশাহী মহানগর
বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং
দীর্ঘদিন ধরে রাজশাহীর রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে
আসছেন।#