জয়পুরহাট কালাই প্রতিনিধি মোঃ ফারুক হোসেন।
‘আশ্রয়ন এর অধিকার শেখ হাসিনার উপহার’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলাতে ২ শতক জমিসহ নির্মাণকৃত ২৫টি বাড়ী আগামী ২২ মার্চ গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। সেই সাথে কালাই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনাও করা হবে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।
তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ২২ মার্চ সারা দেশে ৪র্থ ধাপে একযোগে জমিসহ ৪৯ হাজার ৪২৭টি নির্মাণকৃত বাড়ীর চাবি ও দলিল গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করবেন। এরমধ্যে কালাই উপজেলাতে ২ শতক জমির দলিলসহ ২৫টি বাড়ীর চাবী গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। এ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করতে এবং কালাই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করতে আশ্রয়ণ ২ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটি, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গকে নিয়ে ইতিপূর্বে যৌথসভাও করা হয়েছে।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।