মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহীর চারঘাটে ২৭১ বোতল ফেন্সিডিলসহ মোঃ আরিফুল হক ওরফে আরিফ(৩০)নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (৮ মে) রাত সাড়ে ১২টায় চারঘাট থানাধীন ইউসূফপুর বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসূফপুর বাহাদুরপাড়া গ্রামের মোঃ এরশাদ আলীর ছেলে মোঃ আরিফুল হক ওরফে আরিফ।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় চারঘাট থানাধীন ইউসূফপুর ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের জনৈক মোঃ আমিনুল ইসলাম এর পুকুরপাড়ে কতিপয় মাদক কারবারী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল মজুদ রাখিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টায় সেখানে পৌঁছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে হাতে-নাতে আটক করে। তার দেওয়া তথ্য মতে জনৈক মোঃ আমিনুল ইসলাম এর পুকুরে পানির নীচ থেকে ২৭১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।