এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের আনোয়ারায় ওসিসহ ৪ পুলিশ সদস্যের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় পৃথক দু’টি মামলা করেছে পুলিশ ও আওয়ামী লীগ নেতা। মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করে ৯০-১০০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) রাতে আনোয়ারা থানায় মামলা দু’টি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শন (তদন্ত) মহিউদ্দিন আহমেদ।
এ ঘটনায় ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোঃ ইমন (২০) মোঃ রুবেল (৩২) মোঃ মনজুর (৩২) জীবন (২৪) ও মোঃ মারুফ (২৯) নামের ৫ যুবদল নেতাকে আটক করা হয়।
পুলিশ জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন ও বিস্ফোরণের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা রাশেদ নেওয়াজ চৌধুরী বাদি হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেন।
থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ বলেন, গতকাল ওসিসহ পুলিশের হামলা ও বিস্ফোরণের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে।
মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করে ৯০-১০০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক ৫ যুবদল নেতাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।