এম, এ কাশেম : চট্টগ্রাম–১০ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু বলেছেন, এই নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের সুখ দুঃখ আমি বুঝি। ছাত্র রাজনীতি থেকেই আমি গণ মানুষের সাথে সমৃদ্ধ।
আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর একজন রাজনৈতিক কর্মী হিসেবে সুখে দুঃখে মানুষের পাশে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারো নৌকা প্রতীক দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নির্বাচিত হলে অবশ্যই এই সুযোগকে কাজে লাগাবো।
গতকাল শুলকবহর ওয়ার্ডে মহিলা কলেজের সামনে থেকে জনসংযোগ কার্যক্রম চলাকালীন ভোটারদের উদ্দেশ্যে তিনি একথাগুলো বলেন। তিনি আরো বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
বিএনপি নির্বাচনে না এসে এখন পলায়নপর ভূমিকা পালন করছে এবং হরতাল ও অবরোধের নামে প্রতিনিয়ত মানবাধিকার হরণ করছে এমনকি আগুনে পুড়িয়ে মানুষকেও হত্যা করা শুরু করে দিয়েছে। তারা অতীতেও এসব করেছিল এবং এখন আবার শুরু করতে চায়। তাই ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে নির্বাচন বানচালকারী বিএনপিকে চিরদিনের মত প্রত্যাখান করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান ছিদ্দিকী, মো. হোসেন, সৈয়দ আমিনুল হক, বখতিয়ার উদ্দিন খান, দেলোয়ার হোসেন খোকা, দেবাশীষ নাথ দেবু, আতিকুর রহমান, শেখ সরওয়ার্দ্দী, কাউন্সিলর মোরশেদ আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসি প্রমুখ।
বিএনপির বিরুদ্ধে এমন বিষোদগার করে চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক সংবাদপত্রে প্রেস বিজ্ঞপ্তি পাঠানোর মাধ্যমে আওয়ামী লীগের এমন হুংকারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের বিএনপি নের্তৃবৃন্দ।