জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে ৫ মাদকসেবিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম লুৎফর রহমান। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে মেলান্দহ ফিসারিজ রোড সংলগ্ন শ্বশানঘাট এলাকা থেকে মাদকসেবনরত অবস্থায় তাদের আটক করে।
আটকরা হলো, উপজেলার গোবিন্দপুর নাথপাড়া এলাকার পরেশ চন্দ্র ঘোষের ছেলে কৃষ্ণচন্দ্র ঘোষ (৩০), ভানুরাম বিশ্বাসের ছেলে শ্রী গনেশ চন্দ্র বিশ্বাস (৫২), হীরালাল দাসের ছেলে পরেশ চন্দ্র দাস (৪৬), মাহমুদপুর বাজারের নারায়ণ চন্দ্র দাসের ছেলে সুধাংশু বাবু (৩২) ও মুসলিম নগর এলাকার সুরুজ আলীর ছেলে মো. বিশু মিয়া (৫১)।
জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত মাদকসেবীদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ শত টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।