এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, দলের নাম ভাঙিয়া কেউ সন্ত্রাস, চাঁদাবাজি দখলবাজি করলে তাকে আইনের হাতে সোপর্দ করুন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছর ক্ষমতায় থাকাকালীন তাদের ক্যাডার-সন্ত্রাসীরা অস্ত্রবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও জনগণের সম্পদ লুটপাট করেছে। প্রতিটি এলাকায় তারা সন্ত্রাসী আস্তানা গড়ে তুলেছিলো, এবং সে সব আওয়ামী সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। তারা এখন আত্মগোপনে আছে। তাদের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। তা না হলে তারা আবার ও সন্ত্রাস নৈরাজ্য ও চাঁদাবাজিতে লিপ্ত হবে তারা। এখনো পর্যন্ত ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এবং নব্য বিএনপি সেজে দখলবাজি ও চাঁদাবাজি করছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে মুখোশ উন্মোচন করতে হবে।
তিনি গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগরীর ফিশারীঘাট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফ্রোজেন ফিস ট্রেডার্স এন্ড ইমপোর্টার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’র সভাপতি হাজী আজিজুল হক মাসুমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিমুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম নগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গাজী মুহাম্মদ সিরাজুল্লাহ, কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপি’র সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা শাহজাহান সিরাজ, হাজী ইসমাঈল হোসেন বালী, আব্দুল্লাহ আল সগীর, মোহাম্মদ ইলিয়াস, সোলাইমান সর্দার, হাজী আলী হোসেন সওদাগর, রৌশানগীর আমিন, মোহাম্মদ হাসান, নাছির সওদাগর, মোহাম্মদ মুসা, মোহাম্মদ সালাউদ্দিন, হাসানুল করিম, মোঃ রাজু, আব্বাস আলী, মোঃ সেলিম, সুব্রত আইচ, মোঃ মাহবুব, মোঃ মাসুম, মোঃ এরফান উদ্দিন, আলমগীর হোসেন, মোঃ টিপু, মোঃ সাকের ও মোঃ বাহার প্রমুখ।