বাংলাদেশে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে প্রাণহানির নজিরবিহীন ঘটনা এবং ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের অতিমাত্রায় দৃশ্যমান হওয়ার পর শেষ পর্যন্ত আবারো দুই পক্ষের আলাদা আয়োজনে ঢাকার কাছে টঙ্গীতে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা।
ইজতেমার আয়োজনকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষ – মাওলানা জুবায়ের অনুসারী ও মাওলানা সা’দ কান্দালভি’র অনুসারীরা গত ১৮ই ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে যে সংঘর্ষে জড়ান তাতে এ পর্যন্ত মোট চার জন মারা গেছেন।
এর মধ্যে একজন গত মঙ্গলবার মারা গেছেন, যিনি সংঘর্ষে আহত হয়ে এতদিন চিকিৎসাধীন ছিলেন।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এবারেও দুই পর্বে ইজতেমার আয়োজন করবে দুই পক্ষ। শুক্রবার জুবায়েরপন্থীদের ইজতেমা শুরু হবে, যা শেষ হবে দোসরা ফেব্রুয়ারি।