আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে বিএনপির অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় নসরতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল আউয়াল শেখ (৪৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকা শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সকালে তাকে সাওইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল আউয়াল আদমদীঘি উপজেলার সাওইল গ্রামের মৃত ওছমান গনি শেখের ছেলে।
মামলা সূত্রে জানাযায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মি ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে। এ ঘটনায় আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদি হয়ে একই সালের ২৫ আগষ্ট রাতে সাবেক এমপি সাইফুল্লাহ আল মেহেদী বঁাধন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু সহ আওয়ামীলীগের ১২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় গত শুক্রবার সকালে আব্দুল আউয়াল শেখকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গতকাল শুক্রবার গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।