এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর জংশনে রেলওয়ের মালামাল সহ ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। সোমবার (৮ মে) গভীর রাতে রেলওয়ে জংশনের ব্রড গেজ ডক ইয়ার্ডের পশ্চিম পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ ইন্সপেক্টর মোঃ আহসান হাবিব এর নেতৃত্বে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেলওয়ের মালামাল চুরি করার সময় ৬১ ফিট তামার তার সহ ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন,মোঃ রুবেল (২৫) পিতা মৃত আবদুস সালাম সাং সাহেব পাড়া থানা পার্বতীপুর জেলা দিনাজপুর, মমিনুল ইসলাম (৩৪) পিতা একরামুল ইসলাম সাং পশ্চিম মিশন রোড পাহাড়পুর দিনাজপুর সদর দিনাজপুর ও মোঃ চান মিয়া (৫২) বিদ্যাসাগু মিয়া পিতা সাবু মিয়া সাং নতুন বাজার পার্বতীপুর দিনাজপুর। গ্রেফতারকৃত রুবেল ও মমিনুল সোমবার গভীর রাতে পার্বতীপুর জংশনের ব্রড গেজ ডক ইয়ার্ডের পশ্চিম পাশের রেলওয়ের একটি বৈদ্যুতিক পয়েন্ট থেকে তামার তার চুরি করার সময় ৬১ ফিট তামার তার সহ হাতেনাতে ধরা পড়ে। একই অপরাধে চোরাই মালামালের ক্রেতা চান মিয়াকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার একটি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে বলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ ইন্সপেক্টর মোঃ আহসান হাবিব জানিয়েছেন।