গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে অনুমোদিত ধারণ ক্ষমতার চেয়ে বেশি চাল মজুদ করায় এসিআই অটো রাইস মিলসহ তিন প্রতিষ্ঠানের এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৭ জানুয়ারি বুধবার সন্ধ্যায় মজুদদারি বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে চাল মজুদ রাখার প্রমাণ পাওয়ায় উপজেলার ভীমপুর ইউনিয়নের চকগৌরী বাজার এলাকায় অবস্থিত মেসার্স তছলিমা চাউল কলের ৫০ হাজার টাাকা ও বাগাচারা এলাকায় অবস্থিত মেসার্স থ্রী-স্টার চাউল কলের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও একই অভিযোগে এর আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় স্বরসতিপুর বাজারে অবস্থিত এসিআই অটো ফুডস্ লিমিটেড রাইস ইউনিটের ১ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করনে।
এসব অভিযানে নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা, জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান, জেলা বাজার কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামরুল হাসান সোহাগ জানান, ওইসব প্রতিষ্ঠানে বিনির্দেশকৃত ক্যাপাসিটির চেয়ে বেশি আতপ এবং সিদ্ধ চাল অবৈধভাবে মজুদ রাখায় কৃষি বিপনণ আইন ২০০৮ এর ১৯ (১) এর ঠ ও ড ধারা মোতাবেক এ জরিমানা করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত আগামী তিন দিনের মধ্যে মজুদ করা চাল বাজারে সরবরাহ করাসহ চালের বস্তার গায়ে বিক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য লেখা থাকায় সকল বস্তা থেকে প্রাইস ট্যাগ খুলে বিক্রিত মূল্যের নতুন প্রাইস ট্যাগ লাগাতে নির্দেশ দেন।