জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে জামালপুরের মেলান্দহে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেলান্দহ বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা।
এ অভিযানে উপজেলার মেলান্দহ কাঁচা বাজারের সুপ্তি স্টোরের মালিক মোঃ বিল্লাল হোসেনকে ২ হাজার, নুর ইসলাম স্টোরের মালিক মো. নুর ইসলামকে ৩ হাজার ও আলুহাটি রনি এন্টারপ্রাইজের মালিক চান মিয়াকে ৩ হাজারসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে মেলান্দহ থানা পুলিশের সাব-ইন্সপেক্টর এনামুল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম মিঞা বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে আলু, পেঁয়াজ বিক্রি করায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ব্যবসায়ীদের জরিমানা করা হয়। তিনি আরো বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। #