>নিজেদের পারিবারিক কবরস্থানে কবর দিতে বাঁধা
>তিন পরিবারের ৬ বিঘা জমি জবরদখল
>৫ টি পরিবারের ৮ বিঘা জমিতে বাঁধা সৃষ্টি
>৩ টি রুমসহ পুরো বাড়ি জবরদখল
>কোন্দল সৃষ্টি করে ১০ বার হামলা করে ২৫ জন আহত
ইকবাল হোসেন, গাজীপুর।
গাজীপুরের শ্রীপুরে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা আতিকুল ইসলাম আশরাফুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। আশরাফুল রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে নিজের রাজনৈতিক রুপ পরিবর্তনের চেষ্টা করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা একাধিকবার লিখিত অভিযোগ দিলেও তারা কোনো প্রতিকার পাননি। রোববার (১০ নভেম্বর) শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে গেলে ভুক্তভোগীরা জানান, এলাকাবাসীর পক্ষে ২২ জন ভুক্তভোগীর স্বাক্ষরে শ্রীপুর মডেল থানায় একটি শাকিল মিয়া নামের একজন ব্যবসায়ী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর শাকিল (৩০) পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের খোরশেদ আলমের সন্তান। এর আগেও বিভিন্ন সময় ভুক্তভোগী ইমরান বাদী হয়ে একাধিকবার অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি তিনি। ভাংনাহাটি গ্রামের ওই এলাকার প্রায় ২৫টি পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানি করেছে যুবলীগনেতা আশরাফুল। অভিযুক্ত আশরাফুল শ্রীপুর পৌর ৪ নম্বর ওয়ার্ডের মৃত মনু মিয়ার সন্তান। তিনি উপজেলা যুবলীগের সাবেক সহসম্পাদক ছিলেন। ভুক্তভোগী অভিযোগকারী শাকিল মিয়া বলেন, আশরাফুল দলীয় প্রভাব বিস্তার করে আমাদের জমি জবরদখল করে ঘর নির্মাণ করে।এসময় বাঁধা দিলে আমাকে এব আমার পরিবারের ৫ জনকে কোপিয়ে গুরুতর আহত করে। আমার মাথায় এখনও সেলাইয়ের দাগ রয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা করা হয়েছিল। মামলাটি এখনও চলমান রয়েছে। একই এলাকার ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন, ‘আমার মায়ের ওসিয়ত অনুযায়ী আমার বাবার কবরের সঙ্গে কবর দেয়ার সময় সরাসরি আশরাফুল বাঁধা দেয়। পরে বাধ্য হয়ে অন্যত্র কবর দিতে হয়েছিল। আমি পারিবারিক কবরস্থানে আমার মাকে কেন কবর দিতে পারিনি, আমার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে পারিনি! শুধু তাই নয়, আমার ৩ টি রুম করা বাড়িসহ মোট ২ বিঘা জমি জবরদখল করে আশরাফুল। ওই জমির বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। এ বিষয়ে গাজীপুর আদালতে মামলা নম্বর ৪০৩/২৪ করা হয়েছে। মামলাটি চলমান রয়েছে। আরেক ভুক্তভোগী হাফেজ মোহাম্মদ লতিফ মিয়া বলেন, আমার কোনো ছেলে সন্তান না থাকার সুযোগে আশরাফুল আমার ৫৩ শতাংশ জমিতে যেতে দিচ্ছে না। বিভিন্ন গাছপালার ফল নিয়ে যাচ্ছে সে। ওই জমির আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা। স্থানীয় কৃষক আমির হোসেন বলেন, আমার ধানের প্রায় ২ বিঘা জমিতে বর্তমানে চাষাবাদ করতে দিচ্ছে না আশরাফুল। সে মূলত যখন যাদের ক্ষমতা থাকে তাদের সাথে আঁতাত করে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ওই এলাকার আরেক ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, আমার আত্মীয় স্বজনদের সাথে জমি সংক্রান্ত জটিলতা রয়েছে। সেখানে আশরাফুল ভাড়াটে ক্যাডারদের নিয়ে আমাদেরকে ব্যাপক মারধর করেছে। বর্তমানেও বিভিন্নভাবে অত্যাচার অব্যাহত রেখেছে। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি মামলা করা হয়েছিল। যার নম্বর ৪১ । মামলাটি এখনও চলমান রয়েছে। এ বিষয়ে ওই এলাকার মৃত কফিল উদ্দিনের সন্তান ইমরান হোসেন বলেন, আশরাফুল যুবলীগের পদ ব্যবহার করে দীর্ঘদিন এলাকার সহজ সরল মানুষের জমি জবরদখলসহ অনেক অপকর্ম করে আসছে। এসবের প্রতিবাদ করায় আওয়ামী সরকারের পতনের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতির সময় ৭ আগস্ট দুপুর ১ টার দিকে বিএনপির লোকজনের নাম ব্যবহার করে ভাড়াটিয়ার সন্ত্রাসীদের নিয়ে আমার বাড়িঘর ভাংচুর করে আমাকে মারধর করেছে। বিগত সময়ে থানায় বহু অভিযোগ দিলেও সে তার দলীয় পদ-পদবি ব্যবহার করে পার পেয়ে যায়। সম্প্রতি সে বিএনপি’র কিছু নেতাকর্মীদের সাথে মিশে, তার এসব অপকর্মগুলো এখনও চালিয়ে যাচ্ছে। আমরা গ্রামবাসী সকলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। স্থানীয় আনোয়ারা নামের একজন নারী বলেন, ‘আমার স্বামী অসুস্থ থাকায় আমাদের প্রায় দেড় বিঘা জমিতে চাষাবাদ করে চলতে হয়। পরবর্তীতে কিছুদিন আগে আশরাফুল ওই জমিতে চাষাবাদে বাঁধা দিচ্ছে, সেখানে কোনো ফসল করতে পারছি না। তার বিচারের দাবি জানাচ্ছি’। সার্বিক বিষয়ে অভিযুক্ত আশরাফুল ইসলামের বক্তব্য নিতে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
সার্বিক বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।