মোঃ ফারুক হোসেন।
জয়পুরহাট জেলার কালাই উপজেলার মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আগামী ঈদুল ফিতরের দিন ও ঈদের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো এক ক্রিকেট টুর্নামেন্ট। “মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রিমিয়ার লীগ-২০২৫” (এমপিএল) নামের এই টুর্নামেন্টের আয়োজন করেছে মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরাম (মোউবি)।
ওয়ান কেয়ার সীড এন্ড এগ্রো সাইন্স লিঃ এর পৃষ্ঠপোষকতায় এবং হেলথ্ সিটি স্পেশালাইজড হসপিটাল, বগুড়ার সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চতুর্থ আসরটি ডে-নাইট ফরম্যাটে অনুষ্ঠিত হবে, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।
টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালাই উপজেলার নির্বাহী অফিসার জনাব শামিমা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কালাই থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাহিদ হোসেন এবং মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মকবুল হোসেন। টুর্নামেন্টের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোঃ মফিদুল ইসলাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব জনাব মোঃ দেলোয়ার হোসেন।
মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিন এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যা স্থানীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এক আনন্দঘন মুহূর্ত তৈরি করবে বলে আশা করা যাচ্ছে।