এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা সহ দু’জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
পাওয়া সংবাদে জানা গেছে, শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার ১২ নং খইয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজার ও ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ঘরতাকিয়া এলাকায় অবস্থিত ওমেরা গ্যাস কারখানা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহতরা হলেন, ১২ নং খইয়াছড়া ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (৪৪) ও ৮ নং দুর্গাপুর ইউনিয়নের মোটরসাইকেল আরোহী ফুটন চৌধুরী (৩৬)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টায় বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে গুরুতর আহত হন দিদারুল আলম। স্থানীয় অধিবাসীরা উদ্ধার করে তাকে বড়তাকিয়া বাজারের রেডিয়েন্স হাসপাতালে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টায় তার মৃত্যু হয়।
এদিকে শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহসাড়কের ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ঘরতাকিয়া ওমেরা গ্যাস ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় ফুটন চৌধুরী গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোরাররগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি সোহেল সরকার জানান, জোরারগঞ্জ ইউনিয়নের ঘরতাকিয়া ওমেরা গ্যাস ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় ফুটন চৌধুরী নামে এক পাইপ ফিটিংসের মিস্ত্রি নিহত হয়েছেন। পরিবারের লোকজন হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে গেছে।
বিএনপি নেতা দিদারুল আলম নিহতের বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন বলে ও জানান দেন তিনি।