এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের ধারালো অস্ত্রাঘাতে নির্মম ভাবে খুন হওয়া চট্টগ্রাম কোর্টের আইনজীবী, সহকারী এপিপি সাইফুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সবচেয়ে বড় মসজিদ জমিয়াতুল ফালাহ্ মসজিদ মাঠে। জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে
বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মহানগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে এডভোকেট সাইফুলকে হত্যার নিন্দা-প্রতিবাদ ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সংগঠন ও ইস্কন এর ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি জমিয়াতুল ফালাহ মসজিদ এর সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে অংশ নেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডাঃ শাহদাত হোসেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, রাসেল আহমদ, সহ সমন্বয়ক তালাত মাহমুদ রাফি প্রমুখ।
এর আগে মরহুম এডভোকেট সাইফুলের কর্মস্থল আদালত ভবন প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এডভোকেট সাইফুল ইসলাম ওরফে আলিফ (৩৭) কে।
নিহত এডভোকেট সাইফুল চট্টগ্রাম কোর্টে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে নিয়োজিত ছিলেন।
এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের রাজনৈতিকাঙ্গন সহ বিক্ষুব্ধ হয়ে উঠেছে সারাদেশের মানুষ