স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ত্রিশালে চক পাঁচপাড়া আল-জামিয়াতুর রাহমানিয়া মাদ্রাসার উদ্যোগে ৩ দিনব্যাপী আহলে হাদিস ওয়াল জামাআতের ৭ম বার্ষিক তাবলিগী ইজতেমা শেষ হয়েছে।
বুধবার(১১ম৩ জানুয়ারি) আল জামিয়াতুর রাহমানিয়াহ চক পাঁচপাড়া মাদ্রাসা ময়দানে ইজতেমা শুরু হয়ে একটানা ১৩ জানুয়ারি মধ্যরাতে আখেরি মোনাজাতের মাধ্যমে তা শেষ হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানির সার্বিক ব্যবস্থাপনায় দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
তাবলীগের দায়ীত্বশীল আমীরগণের নেতৃত্বে তীব্র শীতকে উপেক্ষা করে ধর্মপ্রান মুসল্লীগণের অংশগ্রহণে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
শুক্রবার(১৩ জানুয়ারি) রাতে আখেরি মোনাজাত করা হয়। বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা শায়েখ নাছির উদ্দীন খবির। সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা ও তাঁর অসীম রহমতের আশায় আগত মুসলমানদের কান্নার আওয়াজ ও আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ইজতেমা ময়দান।