এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল’ বিডি ২৪ চট্টগ্রাম : বাংলাদেশের জনগণ আসন ভাগাভাগির একতরফা ডামি নির্বাচন বর্জন করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেন।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরীর আতুরার ডিপো বাজার এলাকায় সরকার পতনের একদফা দাবি ও ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জনে অসহযোগ আন্দোলনের সমর্থনে জনমত তৈরিতে বায়েজিদ থানা বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ডাঃ শাহাদাত বলেন, বিএনপি বিহীন আসন ভাগাভাগির পূর্বনির্ধারিত ফলাফলের নির্বাচনে ভোটারদের ন্যূনতম আগ্রহ নেই। নৌকার প্রচার মাইকের আওয়াজ শুনলেই লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছে। ভোটের উৎসবের বদলে চারিদিকে আতঙ্ক আর উৎকণ্ঠা বিরাজ করছে।
চট্টগ্রাম এখন আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক বিশ্বকে তথাকথিত ভোটের উৎসব দেখানোর জন্য ভোটারদের নির্যাতন করছে। সাধারণ মানুষকে জোর করে মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে। এলাকা ছাড়া করার ভয় দেখানো হচ্ছে। কিন্তু এসব করে তারা ভোটারের সাড়া পাচ্ছে না। জনগণ ‘আমি আর ডামি ভোট’ প্রত্যাখান করবে।
তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় ব্যবসায়ী, গার্মেন্টস শ্রমিক, দোকানি ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে আসন ভাগাভাগির একতরফা ডামি নির্বাচন বর্জন করার আহ্বান জানান।
এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সহ-সাধারণ সম্পাদক জি এম আইয়ুব খান, বায়েজিদ থানা বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, জালালাবাদ ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ বেলাল, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, থানা বিএনপি’র সহ-সভাপতি মফজল আহমেদ কোম্পানি সহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।