এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তৃণমূল বিএনপি প্রার্থী উশৈপ্রু মারমার কর্মী-সমর্থকদের ওপর হামলা, মারধর ও গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) উপজেলার দুধকছড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে প্রাপ্ত অভিযোগে প্রকাশ।
এ সময় ১২টি মোটরসাইকেল ও ২টি গাড়ি ভাঙচুর করার পাশাপাশি তৃণমূল বিএনপি’র কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগে জানানো হয়েছে।
হামলার ঘটনায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করে উশৈপ্রু মারমা সাংবাদিকদের বলেন, ‘পানছড়ির দুধকছড়া এলাকার একটি মারমা পাড়ায় উঠান বৈঠক করার সময় ১২ জনের একটি স্বশস্ত্র গ্রুপ এসে হামলা করে। এ সময় আমাদের গাড়ি ভাঙচুর ও কর্মী-সমর্থকদের পিটিয়ে জখম করা হয়।’
তবে, ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, ‘বিপুল চাকমা সহ ৪ নেতাকে হত্যার প্রতিবাদে ইউপিডিএফ পানছড়িতে সংসদ নির্বাচন বর্জন করা হয়েছে। এখানে পার্টি জড়িত নয়। মূলত: জনগণই একতরফা নির্বাচনকে প্রতিরোধ করেছে। এই হামলা তার-ই নমুনা মাত্র।’
পানছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আজম বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। তবে, এই ঘটনায় এখনো কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেনি।’