বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতের চেষ্টার সময় আনসার সদস্যসহ ৫ জনের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় (৬ এপ্রিল) তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত আনসার সদস্য হাবিলদার শহিদুল ইসলাম বাদী হয়ে এই মামলা করে।
এ সময় কর্তব্যরত আনসার সদস্যদের হত্যা চেষ্টার অভিযোগ এনে ২০ জনের নাম উল্লেখ করে আরো ৪০ জন অজ্ঞাত দুর্বৃত্তের নামে এই মামলা দায়ের করা হয়।
তাপ বিদ্যুৎকেন্দ্রের উপমহাব্যবস্থাপক মোঃ মোহাম্মদ আনোয়ারুল আজিম জানান, বুধবার গভীর রাতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ নং টাওয়ারের পাশে বিভিন্ন মালামাল ডাকাতির চেষ্টা করার সময় আনসার সদস্যরা বাধা দিলে তাদের উপর হামলার ঘটনা ঘটে । এ সময় আনসার সদস্যরা আত্মরক্ষার্থে ৩০ রাউন্ড গুলি করে। এই ঘটনায় আনসার সদস্যসহ সহ পাঁচ জন আহত হয।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমেন দাস জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতের চেষ্টার ঘটনায় বৃহস্পতিবার সকালে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে । এ ঘটনায় কর্তব্যরত আনসার সদস্যদের হত্যা চেষ্টার অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৪০ জনের নামে রামপাল থানায় ডাকাতিরউদ্দেশে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত ১২ আসামীকে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করা হয়।
এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল আজাদ আসামিদের জামিন না মনজুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।