আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাত্র আট বছরের এক শিশুকন্যা যৌন নির্য্যাতনের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সান্তাহার কলসা রথবাড়ি এলাকার ভিমু মন্ডল (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৫ মে) বেলা ১০টায় তাকে সান্তাহার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গত শনিবার (১৩ মে) রাতে আদমদীঘি থানায় কলসা রথবাড়ি এলাকার শিশু কন্যার বাবা বাদি হয়ে ভিমু মন্ডলকে আসামী করে একটি মামলা করেন। ভিমু মন্ডল আদমদীঘির সান্তাহার কলসা রথবাড়ি এলাকার ফয়েজ মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গত ২ মে বেলা ২টায় উক্ত শিশু কন্যা সদাই কেনার জন্য কলসা রথবাড়ি মসজিদের পাশে আসামী ভিমু মন্ডলের দোকানে যায়। সেখানে বাদির মেয়েকে বিস্কুট হাতে দিয়ে কৌশলে ভিমু মন্ডল তার দোকান ঘরে ঢুকে নিয়ে দরজার ঝাপ বন্ধ করে শিশু কন্যাকে যৌন নিপীড়ন করে। বিষয়টি বাদির ভাতিজা দেখতে পেয়ে বাড়িতে খবর দেন।
এসময় বাদিসহ প্রতিবেশিরা ঘটনাস্থলে পৌঁছে ওই দোকান ঘর থেকে শিশু কন্যাকে উদ্ধার ও দোকানদার ভিমু মন্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে কোন সঠিক জবাব না দিয়ে সটকে পড়ে। পরে স্থানীয়দের পরামর্শে বাদি আদমদীঘি থানায় এই মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানায় গতকাল সোমবার বেলা ১০ টায় এজাহারভুক্ত আসামী ভিমু মন্ডলকে সান্তাহার রথবাড়ি এলাকা থেকে গ্রেফতার আদালতে প্রেরন করা হয়েছে।