বাগেরহাট প্রতিনিধি।।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে চিংড়ির রেনু পোনা ও জেলী পুশকৃত চিংড়ির সরঞ্জামসহ ২ জন কে আটক করেছে। শনিবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম খান জাহান আলী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ৮৪ লক্ষ পিস চিংড়ি পোনা ও চালকসহ ২১ জনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু পোনা নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃতদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, এছাড়াও কোস্ট গার্ড পশ্চিম জোনের আউটপোস্ট নলিয়ান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিংড়ি মাছে জেলী পুশ করার সরঞ্জমাদি (২ বালতি ময়দা গোলানো পানি, ৭ কেজি ময়দা এবং ৭টি সিরিঞ্জ) সহ ২ জন ব্যবসায়ী (মোঃ শাহিন সানা-৪০, ও জয় প্রকাশ-২৫) কে চিংড়িতে জেলী পুশকরা অবস্থায় আটক করা হয়। #