স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।আহত হয়েছে একজন।গত ১৩ অক্টোবর শুক্রবার রাত ও সন্ধ্যায় ওই দুটি সড়ক দুর্ঘটনা ঘটে উপজেলার চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের সামনে এবং শিবগঞ্জ বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮ টার দিকে পার্শ্ববর্তী ছাতড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে তার নিজ বাড়ি ফিরার সময় চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের সামনে উপজেলার উত্তরগ্রামের আবদুল মতিনকে (৪৫) বিপরীত গামী একটি ট্রাক ধাক্কা দেয়।এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।এসময় তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এর আগে সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় একটি ড্রাম ট্রাককে সাইড দিতে গিয়ে সফাপুর গামী একটি স্যালো ইঞ্জিন চালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে পুকুরের পানিতে উল্টে পড়ে। এ দুর্ঘটনায় ওই ভটভটির আরোহী সফাপুর গ্রামের মৃতঃ মেহের আলীর পুত্র জিল্লুর রহমান (৫৫) ঘটনা স্থলেই নিহত হয়।একই গ্রামের নজরুল ইসলামের পুত্র ভটভটি চালক সুলতান (২৮) গুরতর আহত হয়।তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুলতানের অবস্থা আশংকা জনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।হতাহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে