মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১২ কেজি বিপুল পরিমান গাঁজা-সহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১১টা থেকে শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ মৃদুল ইসলাম (২৩), সে মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়ার মোঃ মইফুল ইসলামের ছেলে, মোঃ মেহেদী হাসান অন্তর (২৭) সে একই এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে ও মোসাঃ পিংকি (২৪) মৃত সাজ্জাদের মেয়ে।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় চারজন ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বর্নিত এলাকায় অভিযান চালিয়ে মৃদল ও মেহেদী হাসান অন্তরকে গ্রেফতার করে। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে জীবন ও প্রিয়াংকা নামের দুই মাদক কারবারী তাদের হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার হয়।
অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কেএম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত¡াবধানে সহকারী পুলিশ কমিশনার মোসাঃ আরজিনা খাতুনের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ নুরন্নবী হোসেন ও সঙ্গীয় ফোর্স।
এরপর শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মসলেম উদ্দিন পলাতক আসামি প্রিয়াংকাকে লক্ষীপুর আইডি বাগান পাড়ার বাড়ি থেকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।