নিজস্ব প্রতিবেদক ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম অফিস : উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডে মোঃ ফিরোজ খান (৩৭) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে সীতাকুণ্ড উপজেলার লালানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজ খান বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার উত্তর কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের পুত্র বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
নিহতের স্বজনরা জানান, ফিরোজকে তার বোনের বাড়ি থেকে খালি জমিতে ডেকে নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। পরে মরদেহ বোনের বাড়ির সামনে ফেলে রেখে যায়।
স্থানীয় অধিবাসীরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে ও জানান দেন ওসি।