এম এ আলম বাবলু,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনের অদূরে হলদিবাড়ী এলাকার রেল লাইনের পাশ থেকে রেল কর্মী ভরত চন্দ্র রায়ের হাত পা বাঁধা অবস্থায় মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। এ ব্যাপারে ভরত চন্দ্র রায়ের পুত্র রিপন চন্দ্র রায় বাদী হয়ে পার্বতীপুর রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। এদিকে ময়না তদন্তের পর বুধবার (১৯ ফেব্রুয়ারী) পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকরুল ইসলাম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা আনুমানিক ১১টায় পার্বতীপুরের হলদীবাড়ী এলাকার বার্মা ফিলিং স্টেশনের পাশের রেল লাইনের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে,দিনাজপুরের পার্বতীপুরে নিখোঁজের একদিন পর রেললাইনের পাশ থেকে শ্রী ভরত চন্দ্র রায় (৫০) নামের এক ব্যক্তির মস্তক বিহীন হাত বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। ভরত চন্দ্র রায় পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ি (কুমারপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি রেলওয়েতে আউটসোর্সিং এ ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।
ভরতের ছেলে রিপন চন্দ্র রায় জানিয়েছেন, তার বাবা সোমবার বেতন ওঠানোর জন্য বাড়ি থেকে সকালে ১১ টায় বের হয়ে আসে। সন্ধ্যার পর থেকে বাবার মোবাইল বন্ধ ছিলো। অনেক খোঁজাখুঁজি করার পরও তার বাবার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার রেল লাইনের পাশ থেকে তার বাবার লাশ উদ্ধার করা হয়।
এক নির্ভরশীল সূত্র থেকে জানা গেছে,ভরত চন্দ্র রায় আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং পার্বতীপুর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।