গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় স্কুলে যাওয়ার পথে ইসরাত জাহান মৌসুমি নামে এক শিক্ষককে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার উপজেলার সদর ইউনিয়নের মুরাদনগর ও পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামের সংযোগ ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। অপহৃত শিক্ষকের বাবা গিয়াস উদ্দিন গলাচিপা থানায় দু’জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, গলাচিপা উপজেলার পশ্চিম পানপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান মৌসুমি। তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত হয়ে জানুয়ারি মাসে ওই স্কুলে যোগদান করেন। এরপর থেকে পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামের মহিউদ্দিন হাওলাদারের ছেলে মো. মাহামুদ রাব্বি তাকে উত্যক্ত করে । রোববার সকাল পৌনে ৯টার সময়স্কুলে যাওয়ার পথে বোয়ালিয়া খালের সেতুর ওপর রাব্বি ও তার আরেক সহযোগী শিমুল ইসরাতের পথরোধ করে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
শিক্ষকের বাবা মো. গিয়াস উদ্দিন বলেন, আমি থানায় অভিযোগ করেছি। এখন পর্যন্ত আমার মেয়ের কোনো সন্ধান পাইনি।
পশ্চিম পানপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, আমি পিছনের গাড়িতে আসছিলাম। এসময় পথে আমাকে আমার স্কুলের সহকারী শিক্ষকরা ঘটনাটি জানায়। পরে আমি জরুরি নম্বরে ৯৯৯ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের জানাই।
গলাচিপা থানার অফিসার ইন চার্জ শোনিত কুমার গায়েণ বলেন, আমার কাছে ওই শিক্ষকের বাবা স্থানীয় রাব্বি ও শিমুলের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। আমরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। একই সাথে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার বাহিনীও কাজ করে যাচ্ছে।