এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : ৩১ জানুয়ারি (বুধবার) সকাল ১১ টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলাধীন গড়িয়াইশ নামক এলাকায় অবৈধভাবে পাহাড়ের মাটি কেটে নিকটস্থ ইটভাটায় সরবরাহ করা হচ্ছে মর্মে অভিযোগের প্রেক্ষিতে মীরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মিজানুর রহমান।
সূত্র জানায়, মীরসরাই থানাধীন গড়িয়াইশ নামক স্থানে রেললাইনের পূর্ব পাশে পাহাড় এবং পাহাড় সংলগ্ন কৃষি জমির মাটি কাটার সত্যতা পাওয়া যায়। মোট ৩(তিন) টি পয়েন্টে স্থানাভেদে ১৫-২০ ফুট (আনুমানিক) গভীর পর্যন্ত মাটি কাটা হয়েছে মর্মে দেখা যায়। এসময় উক্ত এলাকায় ৩ টি পয়েন্টে মাটি কাটার কাজে ব্যাবহৃত ৩ টি এক্সকেভেটর পাওয়া গেলেও চালক কিংবা হেল্পার কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ঘটনাস্থলের নিকটেই এস বি কে নামক ইটভাটা রয়েছে।
এসময় বিগত সাত দিন যাবত পাহাড়ের মাটি কেটে নিকটস্থ এস বি কে(SBK) ইটভাটায় সরবরাহ করা হয় মর্মে ইটভাটার মালিক আব্দুল্লাহ আল ফয়সাল আদালতের নিকট স্বীকার করেন এবং আদালতের নিকট তার আপরাধের জন্য ক্ষমাপ্রার্থনা করেন। এসময় অভিযুক্ত আব্দুল্লাহ আল ফয়সাল কে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন,২০১০ মোতাবেক ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং নগদে তা আদায় ও করা হয়।