জিল্লুর রহমান রতন,জেলা প্রতিনিধি, জামালপুর :
” বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে ” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরের মেলান্দহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের পর উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের (২য় তলা) হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে মেলান্দহ উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো: জিন্নাহ, মেলান্দহ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী মো: রফিকুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো : জিন্নাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ, ইত্তেফাক সংবাদদাতা ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহজামাল প্রমুখ। এছাড়াও সুশীল সমাজ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠান শেষে নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে যোগ দেন। এখানে তিনি উত্তরণের সাংস্কৃতিক শিক্ষার্থীদের সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা উপভোগ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন, আদর্শ ও শিশু ভাবনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এরপর দুপুরে বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ ছাড়াও উপজেলার হাসপাতাল ও এতিম খানায় ইফতার বিতরণ করা হয় এবং দিনব্যাপী বঙ্গবন্ধুর জীবনালেখ্যের উপর নির্মিত বিভিন্ন প্রামান্য চিত্র ও ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।
এদিকে, বাংলাদেশ আওয়ামীলীগ মেলান্দহ উপজেলা শাখা ও মেলান্দহ উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ আরো কিছু সংগঠন ও প্রতিষ্ঠান আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।