শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ও বুধবার দিবাগত রাতে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জেলার মিরপুরে ট্রাকের ধাক্কায় রেহেনা খাতুন (৬০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী মন্টু সরদার। সকাল ১০টায় উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের আটমাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ‘‘ঘাতক ট্রাকসহ চালক ও তার সহকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’’
অপরদিকে, ভেড়ামারায় ড্রাম ট্রাকের চাপায় ফিরোজ আলম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ আলম ওই গ্রামের কামাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ফিরোজ আলম ভেড়ামারা শহর থেকে অটোরিকশাযোগে বাহাদুরপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ফিরোজ গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক এবং চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’’