সোহেল রানা, যশোরঃ যশোরের বেনাপোল থেকে (১ কেজি ২০০ গ্রাম ওজনের ১০ পিস) স্বর্ণেরবারসহ আপন দুই ভাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানার গাজীপুর এলাকার পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে মিলন হোসেন (২৮) ও হিরন মিয়া (২৫)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান,গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার রাসেল সিকদার এর নেতৃত্বে বিজিবি-কাস্টম যৌথ চেকপোস্টের (বাঁশকল) নিকট একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এসময় বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গণকবর স্থানের পাশে তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপরে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।
পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে কোমরে বেল্টের নিচে সুকৌশলে লুকায়িত অবস্থায় উভয়ের নিকট হতে ৫টি করে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১.২০০ কেজি এবং সিজারমূল্য ৯৬,০০,০০০/- (ছিয়ানব্বই লক্ষ) টাকা।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।