হাফিজার রহমান, বদলগাছী(নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে চারপাশ। মানুষের মন আনন্দে উদ্বেলিত হচ্ছে মুকুলের সেই সুমিষ্ট সুবাশে। প্রকৃতির এই মনোমুগ্ধকর পরিবর্তন জানিয়ে দিচ্ছে মধুমাসের আগমনি বার্তা।
যেদিকে চোখ যায় নজরে পড়ে শুধু আমেনর সোনালী মুকুল। মুকুলের ভারে নুয়ে পড়ার উপক্রম হয়েছে প্রতিটি আমগাছ। মৌমাছিরাও আসছে মধু আহরণে। শীতের তীব্রতা কমে যাওয়ায় কোকিলের সুমধুর কুহু কুহু আওয়াজে ঋতুরাজ বসন্ত যেন তার আপন রুপ ফিরে এসেছে।
আমের রাজধানী বলে স্বীকৃত নওগাঁ জেলা বদলগাছীর বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সারি সারি আমগাছ। আর সেই আমগাছগুলোতে শোভা পাচ্ছে সোনালী মুকুল। ফাগুনের আগমনে প্রতিটি আমের মুকুলের স্বর্ণালী আভা গাছে গাছে বিদ্যমান। নতুন ফুলে প্রকৃতি যেন এক অপরুপ সাজে সেজেছে। মৌমাছির দল গুন গুন করে আহরণ করছে মধু। নতুন ফুলে ভরে উঠেছে গাছের শাখা প্রশাখা। চারদিকে ছড়িয়ে পড়েছে মুকুলের পাগল করা ঘ্রাণ। দেখে মনে হচ্ছে যেন হলুদ আর সবুজের মহামিলন ঘটেছে। বসন্তের ফাগুন আর আমের মুকুল যেন এক সুতোয় গাঁথা। বছরের এই নির্দিষ্ট এই সময় জুড়ে সব শ্রেণীর মানুষের দৃষ্টি থাকে সবুজ পাতায় ঢাকা আমের শাখা প্রশাখায়।
এবার আবহাওয়া ভালো থাকায় বদলগাছী উপজেলায় বাম্পার ফলনের আশা করছেন আমচাষিরা। মুকুলে ছেয়ে যাওয়া আমগাছ দেখে আমচাষীদের মনে বইছে আনন্দ।
সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায়, উপজেলার মথুরাপুর,কোলা, মিঠাপুর,বদলগাছী সদর ইউনিয়নের সহ বিভিন্ন এলাকা জুড়ে আমগাছগুলোতে মুকুলের সমারোহ।
আমচাষীরা মুকুল রক্ষা এবং পরিচর্যার জন্য কৃষি অফিসের কর্মকর্তাদের পরামর্শ নিচ্ছেন। আমচাষীরা ইতিমধ্যে আমগাছের যত্ন নিতে শুরু করেছেন।
মথুরাপুর ইউনিয়নের গয়েসপুর গ্রামের আমচাষি সাইন হোসেন বলেন, ৪ বছর পূর্বে সাড়ে ২বিঘা জমি লীজ নিয়ে সেই জমিতে আমরুপালী, আশ্বিনা, ফজলী, ল্যাংড়া ও হিমসাগর সহ বিভিন্ন জাতের আম গাছ রোপণ করেছি। ইতিমধ্যেই গাছগুলো বড় হয়েছে। এবার গাছগুলোতে প্রচুর মুকুল রয়েছে। আমি ও আমার ছেলেরা মিলে দিনরাত পরিশ্রম করে আমগাছগুলোকে আমফল পাওয়ার উপযোগী করে গড়ে তুলছি। দিনের বেশীরভাগ সময় কাটছে এখন আমগাছ পরিচর্যায়। আশাকরি আমের ফলন এবার ভালো পাবো।
কোলা ইউনিয়নের আমচাষি এরসাদ আলী জানান, নিজের ৩ বিঘা জমিতে আমের বাগান করেছি। চলতি বছর এখন পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় আমের মুকুল বেশ ভালো রয়েছে। ফলনও ভালো হবে বলে আশা করছি। গতবছর আমের ফলন কম হয়েছিলো। কিন্তু মূল্য ভালো ছিলো। এবছর মুকুল ভালো হওয়ার কারণে উৎপাদন বেশী হতে পারে। ফলে দাম কম হলেও পুষিয়ে যাবে বলে ধারণা করছি। তবে কোমল পানীয় কোম্পানিগুলো গতবার যে পরিমাণ আম ক্রয় করেছে, এবারো যদি সেই পরিমাণ আম ক্রয় করে তবে দাম গতবারের মতো থাকবে বলে আশা করছি। এখন পর্যন্ত যে আবহাওয়া রয়েছে। তা আমের মুকুলের জন্য বেশ উপযোগী বলে মনে হচ্ছে। কিছুদিন আগে হালকা কুয়াশায় কিছুটা ক্ষতি হলেও সার্বিকভাবে উপজেলার প্রায় প্রতিটি গাছে আমের মুকুল ভালো রয়েছে।
বদলগাছী উপজেলা কাদিবাড়ী গ্রামের আমচাষি ও আম ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন এবারের আবহাওয়া আমের মুকুলের জন্য বেশ উপযোগী। আশা করছি আমের বাম্পার ফলন হবে এবং আমচাষিরা গতবারের লোকসান কাটিয়ে উঠবে। আমচাষীরা এখন দিনরাত আমগাছ পরিচর্যার কাজ করছে।
বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন উপজেলায় এবার ১৫০হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকার কারণে আমের গাছগুলোতে এবার বেশ মুকুল ধরেছে। এর কারণ হিসেবে তিনি মেঘলামুক্ত এবং শীতের তীব্রতা কম ছিলো বলে উল্লেখ করেন। তিনি আশা করেন এরকম আবহাওয়া বিরাজ করলে এবার গতবারের তুলনায় আমের বাম্পার ফলন হবে।