গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে এক নারীকে চাকরি দেয়ার প্রলোভন দিয়ে প্রায় সারে আট লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপার ভাইজারের বিরুদ্ধে। ভীমপুর ইউনিয়নের উজানি গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী মাকসুদা খাতুন মিষ্টি অভিযোগ করেন, গত ২০২২ সালের জুলাই মাসের দিকে উপজেলা চত্বরে তিনি সেবাকুঞ্জে কম্পিউটার প্রিন্টের সেবা নিতে আসেন।
সেখানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপার ভাইজার শরিফুল ইসলাম শরিফের সঙ্গে তার পরিচয় হয়। এ পরিচয়ের সুত্র ধরেই ওই সময় ফিল্ড সুপার ভাইজার শরিফুল ইসলাম শরিফ তাকে (মাকসুদা খাতুন মিষ্টিকে) জানায়, আর মাত্র আড়াই বছর পর তিনি (ফিল্ড সুপার ভাইজার শরিফ) চাকরি থেকে অবসরে যাবেন। তিনি অবসরে গেলেই ওই পদে মিষ্টিকে চাকরিতে নিয়োগ দেয়ার ব্যবস্থা করবেন।
শরিফুল ইসলাম শরিফ তার ওই পদে চাকরি দেয়ার প্রলোভন দিয়ে মিষ্টি খাতুনের মাধ্যমে তার শ্বশুড় বাড়ি এলাকার দুই শতাধিক নারী-পুরুষকে সমাজসেবা অধিদপ্তর থেকে নতুন করে বিভিন্ন ভাতা প্রদানের নামে ভুয়া তালিকা তৈরি করে নেন। ওই তালিকা অনুযায়ী ভাতা প্রদানের আস্বাস দিয়ে জনপ্রতি ১৫ থেকে ৩০ হাজার টাকা মিষ্টি খাতুনের মাধ্যমে হাতিয়ে নেয় ওই ফিল্ড সুপার ভাইজার।
মিষ্টি খাতুন জানায় হাতিয়ে নেয়া টাকার পরিমাণ ৮ লাখের অধিক। সম্প্রতি ওই তালিকা অনুযায়ী ভুক্তভোগীরা ভাতা না পেলে মিষ্টি খাতুন ঘটনাটি গত ১০ এপ্রিল সোমবার মৌখিক ভাবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান মন্ডলকে জানান। ঘটনার সত্যতা অশ্বীকার করে অভিযুক্ত ফিল্ড সুপার ভাইজার শরিফুল ইসলাম শরিফ বলেন তাকে হয়রানির জন্য একটি মহল দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে আসছেন।
ওই ঘটনার বিষয়ে মিষ্টি খাতুন নামে এক গৃহবধূ তাকে মৌখিক ভাবে অবহিত করার সত্যতা স্বীকার করে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জামান মন্ডল বলেন, লিখিত অভিযোগ পেলেই অভিযুক্ত ফিল্ড সুপার ভাইজার শরিফুল ইসলাম শরিফ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।