স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার ৫দিন অতিবাহিত হলেও বিদ্যালয় সভাপতির হুমকি ধুমকিতে আইনের আশ্রয় নিতে পারছে না নির্যাতিত পরিবার। গত ৩১ মে বুধবার সকাল ১০টার দিকে উপজেলার জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্তক্ত্য করার অভিযোগে ১০ম শ্রেণীর ছাত্র মারুফ হাসানকে (১৫) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হাসান লাঠি দিয়ে বেধরক মারপিট করে। এ মারপিটের ঘটনায় গুরুতর আহত হয় মারুফ হাসান।
তাকে ওইদিন হাসপাতালে ভর্তির চেষ্টা করলে বিদ্যালয় সভাপতি ও তার সহযোগীরা গুরুতর আহত মারুফকে হাসপাতালে ভর্তি করতে বাধা দেয়। ঘটনার পরদিন ১ জুন গোপনে শিক্ষার্থী মারুফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ঘটনার সময় তিনি বিদ্যালয়ে ছিলেন না। নির্যাতিত ওই ছাত্র উপজেলার জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মারুফ সাংবাদিকদের জানায়, বুধবার সকালে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু হাসান তাকে তার বাড়ি থেকে স্কুলে ডেকে নেন এবং সেখানে তাকে বাঁশের লাঠি দিয়ে বেধরক মারপিট করে আহত করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশী লোকজনসহ মারুফের বাবা ঘটনাস্থলে যায়। এ সময় মারুফের পিতা ঘটনার প্রতিবাদ জানালে সভাপতি স্টিলের রড বের করে তাকেও (বাবাকে) পিটানোর হুমকি দেন।
মারুফের পিতা জাহাঙ্গীর আলম জানান, তার ছেলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে মারপিট করার বিষয়টি ধামাচাপা দিতে এবং থানায় যাতে মামলা করতে না পারি সে লক্ষ্যে তারা নানা ভাবে হুমকি ধুমকি দিচ্ছে। বিদ্যালয়ের কোন মেয়েকে মারুফ উত্তক্ত্য করেছে তা জানতে চাইলে সভাপতি আবু হাসান বলেন বিদ্যালয়ের প্রতিটি ছাত্রীকেই উত্তক্ত্য করে মারুফ।
তবে এ ঘটনার পর এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষুদ্ধ হয়ে উঠেছে। এদিকে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিষয়টি মিমাংসার উদ্যোগ নিয়েও তা ব্যর্থ হয়েছে বলেও জানাগেছে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, এব্যাপারে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে