শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে হাফিজুল সরদার (৩৮) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গেটপাড়া এলাকার ১৮০/২নং রেলওয়ে পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হাফিজুল মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আমিনুদ্দিন সরদারের ছেলে।
নিহতের পরিবার সূত্র জানায়, সকালে পরিবারের সাথে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে আসে হাফিজুল। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর শুরু করে। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সংবাদ পেলে ঘটনাস্থলে এসে নিহতের স্বজনরা তার মরদেহ শনাক্ত করে।
নিহতের স্বজনরা আরও জানায়, হাফিজুল জুতা স্যান্ডেলের ব্যবসা করতেন। স্থানীয় পোড়াদহ বাজারে তার একটি দোকান রয়েছে। এরআগে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করতেন।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, দুপুরে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়েছে। খবর পেয়ে আমাদের অফিসার ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি তদন্ত করে এখনো রিপোর্ট করেনি। তবে আইনগত প্রক্রিয়া চলছে।