এম, এ কাশেম,
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ অহিদুন্নবী (৩৭) নামে বিএনপি’র এক নিবেদিত প্রাণ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১মে) ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের কবির আহম্মদের বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে বলে প্রাপ্ত খবরে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, নিহত অহিদুন্নবী ৭ নং কাটাছরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব রত: ছিলেন।
তিনি তেতৈয়া গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
নিহতের প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার ভোরে বাড়ির পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে যান অহিদুন্নবী। পুকুরে বিদ্যুতের লাইন থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বিএনপি নেতা অহিদুন্নবীর এক ছেলে এক মেয়ে রয়েছে।
কাটাছরা ইউনিয়ন বিএনপির’র পক্ষ থেকে বলা হয়েছে, নিহত অহিদুন্নবী দলের একজন নিবেদিত প্রাণ ছিলেন।
তিনি ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক। অত্যন্ত বিনয়ী, নম্র ও ভদ্র ওই নেতার মৃত্যুতে দলীয় নেতা-কর্মী সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।