এম, এ কাশেম চট্টগ্রাম থেকে :: চট্টগ্রামের সীতাকুণ্ডে গঙ্গাপূজা করতে গিয়ে জোয়ারের পানিতে ডুবে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।১৬ জুন (রোববার) সীতাকুন্ডের কুমিরা ঘাটঘর এলাকার সাগর উপকূলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, এইদিন বেলা সোয়া ১২ টার দিকে অন্যান্যদের মতো কুমিরা ৮ নং ওয়ার্ডের বাসিন্দা অনীল দাসের মেয়ে খুকি দাস (১১) ও একই এলাকার রানা দাসের মেয়ে কিশোরী দাস (৯) গঙ্গা পূজা করতে সাগরে নামে।
তখন বইতে থাকা উত্তাল ঢেউয়ের জোয়ারের পানিতে তারা তলিয়ে যায়। পরে তাদের অনেক খোঁজাখুঁজি করার পর নৌ পুলিশ দুই শিশুকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক তাদের দু’জন কে-ই মৃত ঘোষণা করেন।
এদিকে কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, ওই এলাকার দুই শিশু কন্যা বেলা আনুমানিক সোয়া ১২ টায় গঙ্গাপূজা করতে সাগরের তীরে নামে। এ সময় জোয়ারের পানিতে তারা সাগরে তলিয়ে যায়।
খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজির করার পর দুপুর পৌনে ১ টার দিকে তাদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক তাদের দু’জন কে-ই মৃত ঘোষণা করেন।
শিশু দুটির লাশ তাদের মা-বাবার কাছে বুঝিয়ে দেয়া হয়েছে বলে সূত্র জানায়।