বাগেরহাট প্রতিনিধি।।
স্বাধীনতা বিরোধী অপশক্তি বাংলাদেশকে সামনে এগুতে দিতে চায় না। তাদের প্রতিহত করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। এজন্য ৭ তারিখের নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী শেখ তন্ময় এমপি এ কথা বলেছেন। তিনি রোববার সন্ধ্যায় বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে বিভিন্ন পথসভায় একথা বলেন।
মঘিয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পথ সভায় শেখ তন্ময় বলেন, স্বাধীনতাবিরোধী জামাত শিবিরকে সাথে নিয়ে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। হরতাল অবরোধ দিয়ে নাশকতা করছে। মানুষ হত্যা করছে। কিন্তু এদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি করতেন এমন অনেক মানুষ শেখ হাসিনার উন্নয়ন উদ্যোগ দেখে বিএনপি ছেড়ে এখন আওয়ামী লীগকে সমর্থন করছেন। বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। তাদের নেতা দেশে না এসে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এলাকায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রথম ধাপে সফলভাবে ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। তখন বিএনপি প্রধানমন্ত্রীর উদ্যোগকে ব্যাঙ্গ করেছে। আর আজ তারা ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে ফেসবুক ইউটিউবে সরকার পতন করছে। রাস্তায় আন্দোলন করার মতো শক্তি ও নেতৃত্ব তাদের নাই। কারন রাজনৈতিক কোন লক্ষ্য নির্দেশ করতে না পারায় মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।
শেখ তন্ময় বলেন, ৭ জানুয়ারীর নির্বাচনে মানুষকে স্বতস্ফুর্তভাবে ভোটকেন্দ্রে যেতে হবে। দলীয় কর্মী সমর্থকরা নৌকায় ভোট দিবেন। বিএনপি সমর্থকসহ সাধারণ মানুষ তাদের পছন্দমতো ভোট দিবেন। কোন অন্যায় অনিয়ম করবেন না। ভোটের দিন উৎসবমুখর পরিবেশ থাকবে। বিএনপির অবিযোগ এ দেশের মানুষ মিথ্যা প্রমাণ করে দিবে।
গনসংযোগকালে উপস্হিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও দলের জেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড ফরিদ উদ্দিন, ফরিদা আক্তার বানু লুচি, সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব নকীব নজিবুল হক নজু, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, কচুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার ও মঘিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।