এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নস্থ খৈয়াছড়া ঝর্ণা এলাকায় ঘুরতে এসে বিদ্যুৎস্পৃষ্টে দুই পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় খৈয়াছড়া ঝর্ণার টিকেট কাউন্টারের পূর্ব পাশে মুসার দোকান এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহত পর্যটকরা হলেন- কুমিল্লা জেলার লালমাই উপজেলার ছোট শরিফপুর এলাকার অঞ্জন কুমার বায় (২৩) ও ফয়সাল আহমেদ (২৫)।
সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার সকালে কুমিল্লার লালমাই থেকে চার বন্ধু মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় বেড়াতে আসেন। পানির স্রোত বেশি হওয়ায় পাহাড়ি পথ দুর্গম দেখে তারা ঝর্ণা না দেখেই ফেরত আসার সময় পথে একটি গাছ ভেঙে বৈদ্যুতিক খুঁটির উপর পড়লে বিদ্যুতের তার ছিঁড়ে ডালের নিচে পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়।
সাথে থাকা বাকি দুই বন্ধু স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতালে কর্তব্যরত: চিকিৎসক সিফাত সুলতানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। সাথে থাকা বন্ধুরা অনেকটা ট্রমাতে আছেন।
এর বাইরে আর কোনো তথ্যই জানা যাচ্ছে না।
এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ঝর্ণায় দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়েছি।
মস্তাননগর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তারা সেখান থেকে ফিরে আসলে বিস্তারিত বলতে পারবেন বলে ও জানান তিনি।